নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে সাব্রুম মহকুমা আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে সাব্রুম থানার পুলিশ। তদন্তে চেন্টু ত্রিপুরা (১৯), সজল নমঃ (২৬) এবং ঝুলন নমঃ (২৬)-কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে সাব্রুম থানায় দায়ের হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
সাব্রুম মহকুমা আদালতের সরকারি কৌঁসুলি গৌরাঙ্গ নাথ জানান, মামলার শুনানি শেষে আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
এদিকে, আদালত চত্বরে সজল নমঃ-এর স্ত্রী দাবি করেন, সজল নমঃ এবং ঝুলন নমঃ-এর বিরুদ্ধে আরও একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর দাবি, তাদের বিরুদ্ধে আগরতলার একটি খুনের মামলাও রয়েছে।
























