নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৬০ বছর বয়সি প্রফুল্ল দেবনাথের। তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কামিনী দেবনাথের জ্যেষ্ঠ পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৮টা নাগাদ আনন্দবাজার থেকে ধর্মনগরমুখী একটি দ্রুতগতির স্কুটি (নম্বর: টিআর০৫৬২৯০) প্রফুল্ল দেবনাথকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধর্মনগর দমকল কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনায় স্কুটিচালক প্রণয় ত্রিপুরা এবং আরোহী অনুপম সোনোয়ালও আহত হন। তাঁদেরও ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার পর পুলিশ স্কুটিটি আটক করে একটি মামলা রুজু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিকল্প জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা, পর্যাপ্ত ট্রাফিক নজরদারির অভাব এবং বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সড়ক সংস্কার, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
।।।।।























