আগরতলা, ১২ জুলাই: কমলাসাগর বিধানসভার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একদল যুবকের তাণ্ডব ও কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত শুভম মজুমদার-সহ কয়েকজনকে আটক করেছে আমতলী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলা এলাকার বাসিন্দা শুভম মজুমদার-সহ কয়েকজন যুবক কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে হট্টগোল ও তাণ্ডব শুরু করে। অভিযোগ, তারা কর্তব্যরত মহিলা চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হুমকি দেয় এবং তাঁদের ওপর হামলারও চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আমতলী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্ত শুভম মজুমদার-সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গত বছরও একই ধরনের একটি ঘটনা এই হাসপাতালেই ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা বলেন, সরকারি হাসপাতালে যদি চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।
ঘটনার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের কাছে হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন রোগী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
























