আগরতলা, ১ জানুয়ারি : ট্রিপারের ব্যাটারি চুরির সময় জনতার হাতে আটক হয়েছে দুই যুবক। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রিপার গাড়ি থেকে ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল ওই দুই যুবক। সন্দেহজনকভাবে তাদের কার্যকলাপ লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর দেওয়া হলে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে হেফাজতে নেয়।
আটক যুবকদের বিরুদ্ধে ট্রিপারের ব্যাটারি চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা রুখতে পুলিশের নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।



















