News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার বিদ্যুৎ পরিষেবায় আধুনিকতার ছোঁয়া, ক্ষমতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ বিদ্যুৎ নিগমের
Image

আগরতলার বিদ্যুৎ পরিষেবায় আধুনিকতার ছোঁয়া, ক্ষমতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ বিদ্যুৎ নিগমের

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: আগরতলা শহরের বিদ্যুৎ পরিষেবাকে আরও নিরবচ্ছিন্ন, স্বাচ্ছন্দ্যময় এবং আধুনিক প্রযুক্তি নির্ভর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শহরের একাধিক সাবস্টেশনে ট্রান্সফরমারের ক্ষমতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এনএসআরসিসি বিদ্যুৎ সাব স্টেশনে ১৬ এমভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার কমিশন করা হয়েছে, যা শহরের বিদ্যুৎ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য রাজ্যের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এই ট্রান্সফরমারটিই প্রথম সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার।

বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, আগরতলা শহরে গত কয়েক বছরে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। বাড়তি লোডের কারণে একাধিক এলাকায় ভোল্টেজ ওঠা নামা, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়া এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের মতো সমস্যার মুখে পড়তে হচ্ছিল গ্রাহকদের। এই পরিস্থিতি স্থায়ীভাবে দূর করতে সাব স্টেশন স্তরে পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে এনএসআরসিসি সাব স্টেশনে আগে থাকা ৮ এমভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারের পরিবর্তে ১৬ এমভিএ ক্ষমতা সম্পন্ন নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রগতি বিদ্যাভবন সংলগ্ন সাব স্টেশনে বৃহত্তর ক্ষমতাসম্পন্ন ৩২ এমভিএ ট্রান্সফরমার বসানোর কাজ চলবে।

বর্তমানে প্রগতি সাব স্টেশনে মোট ১৫ এমভিএ ক্ষমতা থাকলেও নতুন দুটি ১৬ এমভিএ ট্রান্সফরমার বসানোর পর এই সাব স্টেশনের মোট ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩২ এমভিএ। ফলে ভবিষ্যতে শহরের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা আরও সহজ ও সুনিয়ন্ত্রিত ভাবে পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি ভোল্টেজ নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে জানিয়েছে বিদ্যুৎ নিগম । শুধু প্রগতি বা এনএসআরসিসি নয়, বাধারঘাট স্টেডিয়াম সাব স্টেশনেও ক্ষমতা বৃদ্ধির কাজ হাতে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে থাকা দুটি ৭.৫ এমভিএ ট্রান্সফরমারের পাশাপাশি খুব শীঘ্রই ১৬ এমভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার বসানো হবে। এই প্রকল্প সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে নিগম কর্তৃপক্ষ।

বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, গত তিন বছরে আগরতলা শহরে প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০ শতাংশ হারে বিদ্যুতের লোড বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে পরিকল্পিতভাবে পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই সংস্কার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে শহরের বিদ্যুৎ পরিষেবায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসবে। কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিকল্প ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখা হয়েছে। তবে মূল বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ চলার কারণে কিছু কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে শহরের বিদ্যুৎ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নিগম কর্তৃপক্ষ। বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু আরো জানান, আগরতলা শহরে এই সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে অন্যান্য জেলা ও মহকুমা শহরেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভরযোগ্য করে তুলতে ভবিষ্যতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top