ত্রিপুরায় ৯ কোটি টাকার ইয়াবা ও মাদকদ্রব্য জব্দ করল বিএসএফ ও ডিআরআই

আগরতলা, ২১ নভেম্বর: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে বিএসএফ ও ডিআরআই। শুক্রবার সকালে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ হয়ে এনএইচ – ৮ রাস্তায় বিশাল পরিমাণ মাদক পাচার হচ্ছে—এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে বিএসএফের গোাকুলনগর সদর দপ্তরের গেট নং–০১-এর সামনে একটি মোবাইল চেক পোস্ট স্থাপন করা হয়। সেই সময় সন্দেহজনকভাবে একটি সুজুকি ইকো ভ্যান (নম্বর টি আর–০১–সিএইচ–০৩৫৩) চেক পোস্ট এড়িয়ে বিশালগড় বাইপাস হয়ে উদয়পুরের দিকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিএসএফ ও ডিআরআই-এর যৌথ দল পিছু ধাওয়া শুরু করে।

পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে কালকালিয়া হাই স্কুলের নিকটে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার হয়। গাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১০ কিলোগ্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য প্রায়
৮ কোটি টাকা।

এছাড়া গাড়ি থেকে উদ্ধার হয় ইটাডল ১০০/ টেপেনটাডল ১০০এমজি–এর প্রায় ৭৫০ বক্স (প্রতিটি বক্সে ১০০ ট্যাবলেট)। যার মূল্য ২৫,৪০০।

অন্যদিকে একই দিনে সোনামুড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে বিএসএফ ১ কেজি ইয়াবা জব্দ করে। জব্দকৃত সব মাদকদ্রব্য ও যানবাহন পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই আগরতলার কাছে হস্তান্তর করা হয়েছে।