আগরতলা, ৮ জানুয়ারি: তিন মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ বাধ্য হয়ে পরিশ্রুত পানীয় জলের দাবিতে মনু-ছৈলেংটা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমিলা বাহিনী। আজ অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
অভিযোগ, দীর্ঘ তিন মাস ধরে এলাকার জনগণ প্রচন্ড পানীয় জলের অভাব বোধ করে আসছিল। এলাকার বিধায়ক থেকে শুরু করে দফতরের নিকট জলের সংকটের কথা জানিয়ে আসলেও আজও পর্যন্ত সমস্যা সমাধানের কোন প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেখা যায়নি। এর আগে জলসম্পদ দপ্তরের অধিকর্তা জল সংকটে কথা জানানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ বাধ্য হয়ে সকাল থেকে মনু-ছৈলেংটা জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা।
অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

