আগরতলা, ১২ ডিসেম্বর : গণ্ডাছড়া গিরীশ চন্দ্র কারবারি পাড়া স্কুলের ছাত্রীবাসের বেহাল দশা। বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে ছাত্রীরা দিন কাটাচ্ছে। অতিসত্বর ওই ছাত্রীবাসের সমস্যা সমাধান করাী জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন এসএমসি কমিটির সদস্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএমসি কমিটির এক সদস্য জানিয়েছেন, গণ্ডাছড়া গিরীশ চন্দ্র কারবারি পাড়া স্কুলের ছাত্রীবাসের বেহাল দশা পরিনত হয়ে রয়েছে। ছাত্রীবাসে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি। রাতের পর রাত ছাত্রীদের অন্ধকারের দিন কাটাতে হচ্ছে। পাশাপাশি, ওই হোস্টেলের চারিদিকে বাউন্ডারির ব্যবস্থা নেই। তাছাড়া, সামান্য বৃষ্টি হলে হোস্টেলের রান্নাঘর জলমগ্ন হয়ে পড়ে। এবিষয়ে একাধিকবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও কোনো কাজের কাজ হয়নি। তাই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএমসির সদস্যরা অতিসত্বর সমস্যা সমাধান করার জন্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন।



















