মধ্যপ্রদেশে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৯ শিশু

ভোপাল, ৪ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। এক মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল ৯ শিশুর। আহত একাধিক। জানা যাচ্ছে, তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে রবিবার সকালে মন্দিরের এক কোণায় বসে মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল শিশুরা। আচমকাই মন্দিরের দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তাতেই চাপা পড়ে একাধিক শিশু। জানা গিয়েছে, মন্দিরের দেওয়ালগুলি বহু বছরের পুরনো। দীর্ঘদিন সেগুলো মেরামত না হওয়ায় এদিন বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে বিপত্তি ঘটে। দুর্ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।