নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: বনদস্যুদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আহত হলেন এক বনদপ্তরের আধিকারিক। উদ্ধারকৃত একটি মেশিন পায়ে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। তার পায়ে সেলাই লেগেছে।
ঘটনার বিবরণী প্রকাশ, চোরাই কাঠ উদ্ধারে গিয়ে সাফল্য পেয়েছে বন দপ্তর। শালবাগান ফরেস্ট ডিপার্টমেন্ট এর উদ্যোগে রবিবার উষা বাজার এলাকায় এক অভিযান চালানো হয়। সেখানে সমিল এবং জেনারেটর উদ্ধার করে বনদপ্তরের আধিকারিকরা। যদিও ঘটনার সঙ্গে চলতে থাকা বনদস্যুরা ফরেস্ট আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বনদপ্তরের আধিকারিকরা উদ্ধারকৃত বিভিন্ন সামগ্রী নিয়ে ক্যাম্পে আসার পর গাড়ি থেকে মেশিনগুলি নামাতে গিয়ে জগন্নাথ দত্ত(৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বনদস্যুদের খুঁজে পেতে তদন্ত অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন জনৈক আধিকারিক।



















