কলকাতা, ৮ এপ্রিল (হি.স.) : গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় যে ‘চক্রান্ত’ হয়েছে, তার সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকেরাও যুক্ত বলে মনে করছে কলকাতা হাই কোর্ট। সেই ‘আসল দোষী’দের শাস্তি চেয়েছে আদালত। পুরসভা এবং রাজ্যকে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে।
গার্ডেনরিচকাণ্ডে সোমবার আদালতে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য এবং পুরসভা। রাজ্যের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গার্ডেনরিচের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল।
রাজ্যের রিপোর্ট দেখে ওই বেঞ্চের মন্তব্য, ‘‘এই ধরনের গ্রেফতারি দেখতে ভাল লাগে। কিন্তু পুরসভার যে আধিকারিকদের সাহায্যে বেআইনি নির্মাণ হল, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে?’’ আদালতের পর্যবেক্ষণ, পুরসভার যে আধিকারিকেরা এত দিন চুপ করে ছিলেন, তাঁরাও এই চক্রান্তে যুক্ত। তাঁরাই আসল দোষী। এটাও তদন্ত করে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

