আহমেদনগর, ২৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রাজ্য পরিবহন নিগমের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক্টর ও গাড়িতে। বুধবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পুলিশ জানিয়েছে,ভোররাত ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পারনের তহসিলের আহমেদনগর-কল্যাণ সড়কের ওপর ধবলিপুরী ফাটার কাছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি আখবোঝাই ট্রাক্টর উল্টে গিয়েছিল, ট্রাক্টর উল্টে যেতে দেখে একটি গাড়ি থামে। ট্রাক্টরটিকে যখন ওঠানোর চেষ্টা করা হচ্ছিল, সেই সময় বাসটি এসে ওই ট্রাক্টর ও গাড়িতে ধাক্কা মারে। আর তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

