শিলিগুড়ি, ১২ ডিসেম্বর, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে তাঁকে নয়াদিল্লিতে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেও মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকে ফের একবার দিল্লির কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে যখন শিলিগুড়ি আসতাম কতক্ষণ যানজটে দাঁড়িয়ে থাকতে হত। এখন কত রাস্তা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, স্বাস্থ্য যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে।
আগে জিএসটি না থাকায় রাজ্য সরকার নিজে ট্যাক্সের টাকা তুলত। জিএসটি চালু হওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছে। ‘এক দেশ, এক ট্যাক্স’-এর নামে চালু করা হল জিএসটি। কী লাভ হল সবাই দেখতে পারছে। সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে?’



















