কলকাতা, ১২ অক্টোবর, (হি.স.) :বৃহস্পতিবার বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যের একটি বিশেষ সাংগঠনিক বৈঠক রয়েছে সল্টলেকে দলের সদর দফতরে। একই দিনে বিজেপি বাঁচাও কমিটির নামে বিভিন্ন জেলা থেকে দুপুরে দলের রাজ্য অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে। ক্ষোভের নানা কারণের মধ্যে মূল কারণটি হল, বিজেপিতে নতুনদের জায়গা দিতে গিয়ে পুরনোদের বঞ্চিত করা হচ্ছে। সেই সমাবেশের দিনে ওই একই বিষয়ে এ বার মুখ খুললেন বিজেপিরই নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘‘রাজনীতিতে ক্ষমতা পাওয়ার একটা লিপ্সা থাকে। তৃণমূলে যেমন হয় বিজেপিতে তা নয়। তবে অনেক নতুন লোক এসেছেন তাঁদের জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরনো যাঁরা পার্টির মধ্যে ছিলেন, তাঁরাও গুরুত্ব পেতে চাইছেন। ফলে একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। পরিবার বাড়লে, বেশি লোক এলে সমস্যা হয়।“
দিলীপবাবু বলেন, বিজেপিতে যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁদের উচিত সবার সঙ্গে কথা বলে, যাঁদের ক্ষোভ হয়েছে, তাঁদের ক্ষোভের কথা শোনা। আমার মনে হয় ঠিক মতো শোনা হচ্ছে না। তাই বিক্ষোভ দেখা দিচ্ছে।’’ দিলীপবাবু এখন বঙ্গ বিজেপি বা জাতীয় স্তরে বিজেপির কোনও সাংগঠনিক পদে নেই। সে কথা জানিয়েই বিজেপি নেতা জানান, সাংগঠনিক পদে না থাকায় তিনি চুপ থাকতেই চান। কিন্তু কিছু কথা যে হেতু কেউ বলছে না, তাই সেগুলো বলার দরকার হয়ে পড়েছে।

