সংবিধান ও আইনের অধীনে হিংসাকারীদের স্থায়ীভাবে নীরব করা হবে : রাজ্যপাল

ভাঙড়, ১৬ জুন (হি.স.): সংবিধান ও আইনের অধীনে হিংসাকারীদের স্থায়ীভাবে নীরব করা হবে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন, “আমি হিংসার শিকার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। দেশের সংবিধান ও আইনের অধীনে হিংসাকারীদের স্থায়ীভাবে নীরব করা হবে, যাতে বাংলার শান্তিকামী মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকেই অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই পরিস্থিতিতে শুক্রবার ভাঙড় পৌঁছন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। কাঁঠালিয়া, বিজয়গঞ্জ বাজারে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। রাজ্যপালকে মনোনয়নের শেষ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান স্থানীয়রা। বৃহস্পতিবার বিজয়গঞ্জ বাজারেই অশান্তির ঘটনা ঘটেছিল। এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখার পর ভাঙড়ে ২ নং বিডিও অফিসে পৌঁছন রাজ্যপাল। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। ভাঙড় ১নং ব্লক অফিসেও যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

পরে এক সাংবাদিক সম্মেলনে করে রাজ্যপাল বলেন, “দেশের সংবিধান ও আইনের অধীনে হিংসাকারীদের স্থায়ীভাবে নীরব করা হবে, যাতে বাংলার শান্তিকামী মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”