পরমারিবো, ৬ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান – “দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়েলো স্টার” পেয়েছেন। সুরিনামের রাজধানী পারমারিবোতে সোমবার সে দেশের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি মুর্মু-ই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেলেন।
সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার পর শ্রীমতি মুর্মু বলেন, এই সম্মান শুধুমাত্র তাঁর জন্য নয়, গোটা ভারতের জন্য গর্বের বিষয়। রাষ্ট্রপতি মুর্মু টুইট করে জানান, সুরিনামের সর্বোচ্চ সম্মান “গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ দ্য ইয়েলো স্টার” পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। এই স্বীকৃতি শুধুমাত্র আমার জন্য নয়, ভারতের ১.৪ বিলিয়ন জনগণের জন্যও, যাদের আমি প্রতিনিধিত্ব করি। আমি এই সম্মানটি ভারত-সুরিনাম সম্প্রদায়ের পরবর্তী প্রজন্মের জন্যও উৎসর্গ করছি, যারা আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


















