বক্সিরহাট, ৬ এপ্রিল (হি.স.): মধ্যরাতে কোচবিহারে ভয়াবহ আগুনে । ভস্মীভূত হয়ে গেল বক্সিরহাট বাজারের একাংশ। সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রধান সড়ক সংলগ্ন বাজারের ১৬টি দোকান। ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার কাছাকাছি।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাজার সংলগ্ন রাস্তার ধারে একটি দোকান থেকে আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বক্সিরহাট দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আরও ইঞ্জিন এসে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় মোট ১৬টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তুফানগঞ্জ ২ এর বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন বক্সিরহাট থানার ওসি শুভজিৎ ঝা, তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান সামনে ইদ ও নববর্ষ থাকায় বেশি করে মালপত্র তুলেছিলেন। আগুনের ভয়াবহতা বেশি থাকায় তাঁরা কেউ মালপত্র বাইরে বের করতে পারেননি। আগুন লাগার কারণ জানা যায়নি।



















