আগরতলা, ৪ এপ্রিল (হি.স.): দীবালোকে দোকানে ঢুকে চুরির চেষ্টায় হাতেনাতে ধরা পড়ল চোর। ক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দিয়েছেন। রীতিমতো আধমরা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পশ্চিম আগরতলা থানার নাকের ডগায় নেতাজি চৌমুহনী এলাকায় ওই ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে।
দোকানের মালিক ফণীভূষণ দে জানিয়েছেন, দীবালোকে এমন চুরির চেষ্টা হবে ভাবতেই পারছেন না তিনি। তিনি বলেন, দোকানের পাশেই তাঁর বাড়ি। হটাৎ একটি প্রয়োজনে বাড়িতে যান তিনি। ওইসময় দোকানে কেউ ছিলেন না। এই সুযোগে এক যুবক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। চোর ধরা পড়েছে চিত্কার শুনে বাড়ি থেকে দৌড়ে এসেছি।
তাঁর দাবি, ওই যুবক দোকান থেকে ১৩০০ টাকা চুরি করে পালানোর চেষ্টায় ছিল। পুলিশ জানিয়েছে, স্থানীয় চুরি করে পালাতে গিয়ে ওই যুবককে আটক করেন এবং গণধোলাই দেন। তাতে, তাঁর শরীরে প্রচন্ড আঘাত লেগেছে। মেলাঘরের বাসিন্দা টুটন বর্ধন বলে তার পরিচয় মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে।



















