ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে বিশালগড়। হারিয়েছে শান্তিরবাজার মহকুমা দলকে। এই জয়ের সুবাদে বিশালগড় সেমিফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। রাজ্য সিনিয়র ক্রিকেটে এলিট গ্রুপের এ বিভাগ থেকে সদর মহকুমা দলও ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছেছে। এমবিবি স্টেডিয়ামে বুধবারে অনুষ্ঠিত ম্যাচে বিশালগড় ত্রিশ রানের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে শান্তিরবাজার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বিশালগড় ৪১ ওভার এক বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহিল সুলতানের ৫৪ রান এবং বাবুল দে’র ৪৪ রান উল্লেখযোগ্য। শান্তির বাজারের জনক রিয়াং ১৮ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শান্তিরবাজার ৪৪ ওভার ৩ বল খেলে ১৪৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শান্ত মজুমদার সর্বাধিক ৩২ রান পেয়েছে। বিশালগড়ের রিয়াদ হোসেন ১৯ রানে ৫ টি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, মনির হোসেন পেয়েছে দুটি উইকেট।

সিনিয়র ক্রিকেট : শান্তিরবাজারকে হারিয়ে সেমিফাইনালে বিশালগড়
Tags:


















