নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা আগামী সপ্তাহে মহারাষ্ট্রে প্রবেশ করতে চলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে দু’টি সমাবেশে ভাষণ দেবেন, যথাক্রমে ১০ ও ১৮ নভেম্বর। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা প্রতিবেশী রাজ্য তেলেঙ্গানা থেকে ৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় মহারাষ্ট্রের নান্দেদ জেলার দেগলুর মদনুর নাকা পৌঁছানোর কথা রয়েছে।
কংগ্রেস নেতা বালাসাহেব থোরাত জানিয়েছেন, “রাহুল গান্ধী মহারাষ্ট্রে ভারত জোড়ো যাত্রা চলাকালীন দু’টি সমাবেশে ভাষণ দেবেন। তিনি ১০ নভেম্বর নান্দেদ জেলায় প্রথম সমাবেশে ভাষণ দেবেন এবং দ্বিতীয়টি ১৮ নভেম্বর বুলধানা জেলার শেগাঁওয়ে অনুষ্ঠিত হবে। মহারাষ্ট্রে ভারত জোড়ো যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস নেতা ও কর্মীরা।

