শামসাবাদ, ১ নভেম্বর (হি.স.): ছেলে প্রয়াত হয়েছেন অকালে। তার পর কেটে গিয়েছে ৬টি বছর। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ‘আত্মঘাতী’ সেই দলিত ছাত্র রোহিত ভেমুলার মা রাধিকাকে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় তেলেঙ্গানা থেকে শামিল হলেন তিনি। রোহিতের মাকে দেখে বুকে জড়িয়ে ধরেন রাহুল। এক সঙ্গে পা মেলালেন ভারত জোড়ো যাত্রায়।
উচ্চবর্ণের বঞ্চনার অভিযোগ তুলে আত্মহত্যা করেছিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্র দলিত সমাজের রোহিত ভেমুলা। দেশদ্রোহের অভিযোগ তুলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নের চিঠির পরিপ্রেক্ষিতে রোহিত-সহ পিছিয়ে পড়া শ্রেণির ৪ পড়ুয়াকে সাসপেন্ড ও হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৪ মাস হস্টেলের বাইরে তাঁবু খাটিয়ে থাকার পরে আত্মহত্যা করেন রোহিত। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর রাধিকার টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করা হয়েছে। তাতে লেখা, “সংহতি বৃদ্ধিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলাম। বিজেপি এবং আরএসএসের আক্রমণ থেকে সংবিধান বাঁচাতে, রোহিত ভেমুলার জন্য ন্যায়বিচার, রোহিত আইন পাস, দলিতদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সকলের জন্য শিক্ষার আহ্বান জানালাম।” রাহুল টুইটারে লেখেন, ‘‘রোহিত ভেমুলা সামাজিক বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক ছিলেন এবং থাকবেন। রোহিতের মায়ের সঙ্গে সাক্ষাতের পর এই যাত্রা তার লক্ষ্যের দিকে পদক্ষেপের সাহস এবং মনে নতুন শক্তি পেয়েছে।’’

