আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩১ অক্টোবর থেকে ত্রিপুরায় সত্যজিত রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের পথ চলা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ নভেম্বর থেকে ওই ইনস্টিটিউটে পঠনপাঠন শুরু হয়ে যাবে। এক্ষেত্রে এই মুহুর্তে স্বল্পকালীন কোর্স শুরু হবে। তাতে ব্যাপক সাড়া পাওয়া গেলে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স চালুর ইচ্ছা রয়েছে ত্রিপুরা সরকারের। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় এতকাল ধরে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের প্রচেষ্টা হয়নি। অথচ, এরাজ্যে প্রচুর বিনোদন প্রেমী রয়েছেন। তাঁর দাবি, সত্যজিত ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) সাথে সমস্ত রকমের আলোচনা সম্পন্ন হয়েছে। ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দফতরের সাথে এসআরএফটিআই যৌথভাবে ফিল্ম ইনস্টিটিউট স্থাপন করবে। এক্ষেত্রে সমস্ত আর্থিক খরচ ত্রিপুরা সরকার বহন করবে।
তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে ওই ইনস্টিটিউটে ভর্তির জন্য আগামী ২০ সেপ্টেম্বর বিজ্ঞাপন দেওয়া হবে। আপাতত চারটি স্বল্পকালীন কোর্স চালু করা হচ্ছে। ২০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন পত্র জমা নেওয়া হবে। তাঁর কথায়, ২১ থেকে ৩০ পর্যন্ত আবেদনপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া চলবে। ৩১ অক্টোবর থেকে ত্রিপুরায় ফিল্ম ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। তাঁর দাবি, আপাতত নজরুল কলক্ষেত্রে ফিল্ম ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। সে মোতাবেক ত্রিপুরার পূর্ত দফতর সমস্ত প্রস্তুতি শুরু করেছে।
তিনি বলেন, আগামী ৭ নভেম্বর থেকে ওই ইনস্টিটিউটে পঠন-পাঠন শুরু হবে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি শংসাপত্র প্রদান করা হবে। তাঁর বক্তব্য, আগামীকালের মধ্যে এসআরএফটিআই থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা সম্ভব হবে। এক্ষেত্রে সূচীতে সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, এসআরএফটিআই-র গভর্নিং বডির চূড়ান্ত অনুমোদনক্রমে ত্রিপুরায় ফিল্ম ইনস্টিটিউট শুরু হবে। এক্ষেত্রে ত্রিপুরা সরকার ৫ কোটি ৭৬ লক্ষ টাকা খরচ করবে। তার মধ্যে ১ কোটি ১০ লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। তিনি বলেন, এসআরএফটিআই-র গভর্নিং বডির অনুমোদন পাওয়ার পর ত্রিপুরা সরকারের সাথে মৌ স্বাক্ষর হবে। তাতে, সমস্ত বর্ণনা থাকবে।
এদিন তিনি জানান, এখন ফিল্ম ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে কোন ফি নেওয়া হবে না। শুধু রেজিস্ট্রেশন বাবদ ফি আদায় করা হবে। ওই ইনস্টিটিউটে কোর্সের জন্য সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে। তাঁর দাবি, অরুণাচল প্রদেশে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনে ২০০ কোটি বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরায়ও সাড়া পাওয়া গেলে আগামী দিনে বাজেট বৃদ্ধি করা হবে।



















