শখুভি স্টেশন থেকে দোনি পোলো এক্সপ্রেসের পরিষেবা সম্প্রসারণের সূচনা করলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

কোহিমা, ২৬ আগস্ট : উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার একটি ঐতিহাসিক ক্ষণে ২৬ আগস্ট, ২০২২ তারিখে নাগাল্যান্ডের শখুভি রেলওয়ে স্টেশন থেকে অরুণাচল প্রদেশের নাহরলগুন রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রথমবারের জন্য যাত্রীবাহী ট্রেনের পরিষেবা আরম্ভ করা হয়েছে। আজ ২৬ আগস্ট, ২০২২ তারিখে পতাকা নাড়িয়ে ট্রেনটির পরিষেবা উদ্বোধন করেন নাগাল্যান্ডের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী নেইফিউ রিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ড সরকারের পরিবহণ, অসামরিক বিমান চলাচল ও রেল, ভূমি সম্পদ মন্ত্রী শ্রী পাইওয়াং কোনিয়াক ও নাগাল্যান্ড সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সম্মানীয় মন্ত্রী শ্রী এন. জ্যাকব ঝিমমি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা, লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী জে. এস. লাক্রা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।      

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেন যে ১৯০৩ সালে ডিমাপুর স্টেশন খোলার ১০০ বছরেরও বেশি সময়ের ব্যবধানে ধনসিরি-শখুভি রেলওয়ে লাইনের মাধ্যমে নাগাল্যান্ড দ্বিতীয় রেলওয়ে স্টেশন লাভ করল। এই নতুন পরিষেবা নাগাল্যান্ড ও মণিপুরের যাত্রীদের জন্য গুয়াহাটিতে যাওয়া-আসা করার একটি বিকল্প পথ প্রদান করবে। এই সংযোগের ফলে নাগাল্যান্ড থেকে প্রত্যক্ষভাবে কৃষিজাত সামগ্রী ক্রেতাদের কাছে পরিবহণ করা সম্ভব হবে এবং রাজ্যটির অর্থনৈতিক উন্নয়নকে তরাম্বিত করে তুলবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

১৫৮১৭/১৫৮১৮ দোনি পোলো এক্সপ্রেস, যা গুয়াহাটি ও নাহরলগুনের মধ্যে চলাচল করত, এখন এই ট্রেনটি শখুভি পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে এবং এই ট্রেনটি এখন থেকে দৈনিক ভিত্তিতে শখুভি ও নাহরলগুনের মধ্যে চলাচল করবে। ট্রেনটিতে একটি ফার্স্ট এসি সহ এসি-২ টায়ার, একটি এসি-২ টায়ার, তিনটি এসি-৩ টায়ার, আটটি স্লিপার ক্লাস, দুটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ ও দুটি ব্রেক, লাগেজসহ জেনারেটর কার থাকবে। ট্রেনটি ১৩ ঘণ্টা ৪০ মিনিটে ৪৪০ কিমি দূরত্ব অতিক্রম করবে। শখুভি ও গুয়াহাটির মধ্যে সম্প্রসারিত পরিষেবার সময় ট্রেনটি ধনসিরি, ডিফু, লামডিং, লংকা, হোজাই, চাপরমুখ স্টেশনে স্টপেজ দিবে।  

ট্রেনটির দৈনিক পরিষেবা আজ (২৬ আগস্ট, ২০২২) নাহরলগুন থেকে এবং শখুভি থেকে ২৭ আগস্ট তারিখ থেকে শুরু হবে। ১৫৮১৮ নং নাহরলগুন-শখুভি এক্সপ্রেসটি নাহরলগুন থেকে প্রতি দিন ১৯.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং শখুভি পৌঁছবে সকাল ০৯.৩০ ঘণ্টায়। একই ট্রেন শখুভি থেকে রওনা দেওয়ার সময় ১৫৮১৭ নং শখুভি-নাহরলগুন এক্সপ্রেস হিসেবে সন্ধ্যা ১৭.৪৫ ঘণ্টায় রওনা দিবে এবং সকাল ০৬.৪৫ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে।

শখুভি থেকে এই ট্রেনের পরিষেবা আরম্ভ হওয়াটা নাগাল্যান্ড রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রাজ্যটির সামগ্রিক বিকাশের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। এটি শুধুমাত্র নাগাল্যান্ড থেকে কাজ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার জন্যই যাত্রীদের সক্রিয় করে তুলবে না বরং তার পাশাপাশি এই ট্রেনটি মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকেও শক্তিশালী করার একটি উপায় হিসেবে কাজ করবে।    

এখানে উল্লেখযোগ্য যে ডিমাপুর (ধনসিরি)-কোহিমার (জুবজা) মধ্যে প্রস্তাবিত রেল সংযোগ নাগাল্যান্ডের রাজধানী কোহিমাকে দেশের অন্যান্য প্রান্তের সাথে সংযুক্ত করবে। মোট ৮২.৫ কিমি (অসমে ২.৭৫ কিমি এবং নাগাল্যান্ডে ৭৯.৭৫ কিমি)দৈর্ঘ্যের এই প্রকল্পটিতে ০৮টি স্টেশন যথা ধনসিরি, ধনসিরিপার, শখুভি, মোলভম, ফেরিমা, পিফেমা, মেঙ্গুজুমা ও জুবজা। ২৪টি মেজর ব্রিজ, ২৮.৮৬ কিমি দৈর্ঘ্যের মোট ২০টি সুড়ঙ্গ, ৪টি রোড ওভার ব্রিজ, ৩২টি রোড আন্ডার ব্রিজ ও সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ করা হচ্ছে। সহজে চালু করার জন্য প্রকল্পটি ৩টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে ধনসিরি থেকে শখুভি পর্যন্ত ১৬.৫ কিমি ইতিমধ্যে ২০২১ সালের অক্টোবরে সম্পূর্ণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে শখুভি থেকে ফেরিমা পর্যন্ত ২০২৩ সালের সেপ্টেম্বরে সম্পূর্ণ হবে এবং সমগ্র প্রকল্পটি জুবজা পর্যন্ত সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে ২০২৬ সালের মার্চ মাসে।

নতুন লাইন সংযোগের ফলে নাগাল্যান্ডের আর্থ-সামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।এই প্রকল্পটি প্রধান রেলওয়ে নেটওয়ার্কের সাথে অন্তর্বর্তী অঞ্চলকে সংযুক্ত করবে, যার ফলে রাজ্যে ঔদ্যোগির কার্যকলাপ বৃদ্ধি পাবে। ভারত জুড়ে বিভিন্ন উপকরণ ও যাত্রীদের চলাচল সহজ করে তুলবে এই প্রকল্প। নির্মাণকার্য চলার সময় এবং প্রকল্পটি চালু হওয়ার পর রাজ্যের মানুষের জন্য্ এটি কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে।