আগরতলা, ১৪ জুন (হি. স.) : রেগার মজুরি প্রাপ্তির ক্ষেত্রে জিও ট্যাগ নিয়ে সমস্যার বিষয়ে পঞ্চায়েত অফিসে অভিযোগ জানাতে গিয়ে নিরাশ হন রেগা শ্রমিকরা। তাই, ক্ষুব্ধ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। তারপর তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। মনু থানাধীন জামিরছড়া পঞ্চায়েতে তালা এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের উচ্চ আধিকারিকদের সমস্যা সমাধানের আশ্বাসের ভিত্তিতে রেগা শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং পঞ্চায়েত অফিসে তালা খুলে দেন।
প্রসঙ্গত, লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকের অধীন জামিরছড়া ভিলেজে দীর্ঘদিন ধরেই রেগার মজুরি নিয়ে মনু ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজেগুলিতে রেগা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ধূমায়িত হচ্ছিল। রেগার মজুরি বৃদ্ধি নিয়ে সরকার বড় বড় বুলি আওরালেও বাস্তব চিত্র কিন্তু অন্য কথাই বলছে। তার উপর অনেক জায়গায় গ্রুপ লিডারের সংখ্যা নেহাত কম নয়। অভিযোগ সারাদিন কাজ করেও নিয়মনীতির বাহানা করে প্রকৃত শ্রমিকরা তাদের পাওনা সঠিক মজুরি পাচ্ছেন না।
রেগার কাজের সাইটে দুইবার করে জিও ট্যাগ করা হয়। ফলে সকাল ৮ টায় এবং দুপুর ২ টা নাগাদ জিও ট্যাগ করা হয়। দ্বিতীয়বার জিও ট্যাগ করার সময়ই বিপত্তি দেখা দেয়। নেটওয়ার্ক এর সমস্যা থাকায় সময়মতো ট্যাগ করা সম্ভব হয়না। ফলে রেগা শ্রমিকদের জিও ট্যাগ করার জন্য সারাদিন বসে থাকতে হয়। অনেকের বাড়িতে তাদের ছোট ছোট অভুক্ত বাচ্চাও রয়েছে। অথচ সারা দিন রেগার কাজে থেকেও মজুরি কেউ ১৫০ টাকা করে, আবার কেউ ১৮০ টাকা করে পাচ্ছেন। রেগায় বরাদ্দ পুরো মজুরি তারা কখনোই পাচ্ছেন না।
আজও একই সমস্যা দেখা দিলে তারা জামিরছড়া পঞ্চায়েত সচিবের সাথে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। কিন্তু কোন সদুত্তর না পেয়ে সচিব নিতাই দাস সহ সব অফিসকর্মীদের ভেতরে রেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোব্দ রেগা শ্রমিকরা। পরে প্রচন্ড ঝড়বৃষ্টির মধ্যেই তারা আনুমানিক দুপুর ১টা নাগাদ জামিরছড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবী, ৮টা হইতে বেলা ২ টা পর্যন্ত তারা কাজ করতে রাজি, তবে তাদের প্রাপ্য পুরো মজুরি দিতে হবে। অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মনু থানার পুলিশ সহ মনু ব্লকের আধিকারিকরা। আনুমানিক দীর্ঘ ২ ঘন্টা অবরোধের পর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেলে অবরোধ প্রত্যাহার করেন ক্ষুব্দ রেগা শ্রমিকরা। সাথে পঞ্চায়েত অফিসের তালাও খুলে দেন। রেগা শ্রমিকরা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে পুনরায় জাতীয় সড়ক অবরোধ করবেন তাঁরা।

