বিশালগড়, ৬ জুন : রবিবার রাতে ত্রিশ মিনিটের ব্যবধানে পৃথক দুটি যান দুর্ঘটনায় গুরুতর আহত হন তিন জন। প্রথম দুর্ঘটনাটি বিশালগড় বাইদ্যারদীঘি বাজার সংলগ্ন এলাকায় স্কুটি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। তাতে গুরুতর আহত হন স্কুটি চালক কানাই লাল দেবনাথ। তাকে ঘটনাস্থল উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
অপরদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। বিশালগড় থেকে আগরতলা যাওয়ার পথে একটি মারুতি ভ্যান গাড়ী আগরতলা থেকে বিশালগড়ের অভিমুখে আসা একটি ম্যাক্স গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার আরেক পথচারীকে জখম করে রাস্তার পাশের জঙ্গলে গিয়ে থামে। তাতে গুরুতর আহত হন পথচারী কেশব দাস এবং ম্যাক্স গাড়ির যাত্রী সতী ঘোষ নামের এক মধ্যবয়সী মহিলা। ঘটনাস্থল থেকে মারুতি গাড়ির ড্রাইভার এবং ম্যাক্স গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
নিত্যদিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় পথের বলি হচ্ছে অগণিত মানুষ। যান দুর্ঘটনা কমাতে ট্রাফিক দপ্তর যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করে তার দাবি উঠছে।



















