গান্ধীনগর, ৫ মে (হি.স.) : অসমের জেল থেকে ছাড়া পেয়ে গুজরাটে ফিরে ফের জেলে যেতে হতে পারে নির্দল বিধায়ক জিগনেশ মেবানিকে। বৃহস্পতিবার গুজরাটের এক আদালত পাঁচ বছর পুরনো মামলায় এই দলিত নেতাকে তিনমাসের জেলের সাজা শোনায়। জিগনেশের মতো আরও ১০ নেতার সাজা ঘোষণা করে আদালত। এঁদের প্রত্যেককে তিনমাসের জেল এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে পাতিদার সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে ‘আজাদি’ মিছিল বের করেছিলেন জিগনেশ। বনসকাঁথা জেলার মেহসানা থেকে ধানেরা পর্যন্ত সেই মিছিলে পা মেলান পাতিদার সম্প্রদায়ের বহু মানুষ। অভিযোগ ওঠে, পুলিসের অনুমতি ছাড়া মিছিল বের করেছিলেন জিগনেশ। তারপরই দলিত নেতা-সহ ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হন জিগনেশ-সহ ১১ অভিযুক্ত। অতিরিক্ত মুখ্য বিচারক জেএ পারমার ভারতীয় দণ্ডবিধির ১৪৩ ধারা অনুযায়ী বেআইনিভাবে জমায়েতের জন্য নির্দল বিধায়ককে দোষী সাব্যস্ত করেন। সঙ্গে এক হাজার টাকা জরিমানা ধার্য করেন।



















