ভুবনেশ্বর, ১৩ এপ্রিল (হি. স.): ভুবনেশ্বর-মুম্বই কোনার্ক এক্সপ্রেসে বোমা রয়েছে, এমনই একটি রিপোর্ট পাওয়ার পর ঘুম ছুটল রেল কর্মীদের। আতঙ্কিত হয়ে পড়েন ওই ট্রেনের যাত্রীরাও। ট্রেনের সর্বত্র তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে থামানো হয় ট্রেনটিকে, সমস্ত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। সন্দেহজনক সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হয়।
মঙ্গলবার মুম্বই থেকে ছেড়েছিল ট্রেনটি, ভুবনেশ্বর আসার আগেই বোমাতঙ্কের খবর পাওয়া যায়। ট্রেনের সর্বত্রই তল্লাশি চালানো হয়, যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালানো হয়। সুরক্ষিত অবস্থায় সমস্ত যাত্রীদের আগে ট্রেন থেকে নামানো হয়। এই বিষয়ে রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেন থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

