ওয়াশিংটন, ৩ মার্চ (হি.স.): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের আবহে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানিয়েছেন মার্কিন মুলুকের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাইডেনকে তিরস্কার করে ট্রাম্প বললেন, রাশিয়া এখন যেমন ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক সে ভাবে চিনও আক্রমণ করবে তাইওয়ানকে। ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে তাঁরা।
ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের ৭ দিন হয়ে গিয়েছে। বলাবাহুল্য, ইউক্রেন একাই লড়ে যাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর ক্রমাগত প্রতিরোধে এখনও রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া। আমেরিকা প্রত্যক্ষভাবে ইউক্রেনকে সাহায্য না করলেও ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্রের পাশাপাশি আর্থিক ঋণ মকুব করেছে। এই পরিস্থিতিতে বাইডেনকে তিরস্কার করে ট্রাম্প বলেন, ‘‘শি (চিনের প্রেসিডেন্ট) এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে মজা নিচ্ছেন আর ভাবছেন আমেরিকা কী বোকা। আমি নিশ্চিত এ সব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলেছে তারা।’’ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে পুতিন সফল হলেই চিন হামলা চালাবে তাইওয়ানে। তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে বাইডেন প্রশাসন।



















