নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানকে সহজতর করার লক্ষ্যে এবং তাদের শিখনকে আরো সহজ ও সাবলীল করার জন্য রাজ্য সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে যার নাম ‘‘প্রয়াস’’৷ এই প্রকল্পের অধীনে যে বইগুলো তৈরি করা হবে সেগুলি সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে৷ যার সাহায্যে ছাত্রছাত্রীরা জ্ঞানমূলক বিভিন্ন কার্য সম্পাদন করতে পারবে এবং তাদের চিন্তা প্রক্রিয়ার যে স্বাভাবিক ছন্দ রয়েছে তাকে ব্যবহার করে তারা বিভিন্ন কার্যকলাপ এর মাধ্যমে সমস্যার সমাধান করতে সক্ষম হবে৷
রাজ্য সরকার এই নতুন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য প্রচেষ্টা নিয়েছে৷ এই মহতি প্রয়াসকে বাস্তবায়িত করার লক্ষ্যে এসসিইআরটি এবং জেলা শিক্ষা আধিকারিকরা রাজ্যের বিশিষ্ট কৃতি শিক্ষকদের সহায়তা গ্রহণের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ওয়ার্কবুক তৈরীর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে৷
এক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের যে সমস্ত বিষয়ের ওয়ার্কবুক তৈরি করা হচ্ছে তার মধ্যে রয়েছে বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এবং সমাজবিদ্যা৷ তার পাশাপাশি নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য গণিত, বিজ্ঞান সমাজবিদ্যা, ইংরেজি এবং বাংলা বিষয়ের ওয়ার্কবুক তৈরি করা হচ্ছে৷ এছাড়াও, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজি,বাংলা, হিসাবশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অর্থনীতি এবং গণিত বিষয়ের ওয়ার্কবুক তৈরি করা হচ্ছে৷
প্রসঙ্গত, উল্লেখ্য এই ওয়ার্কবুকগুলি বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের জন্যই তৈরি করা হচ্ছে৷ জানা গিয়েছে, এসসিইআরটি আগামী সেপ্ঢেম্বর মাসের মধ্যে ছাত্রছাত্রীদের হাতে যে ওয়ার্কবুকগুলি তুলে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে সেগুলি হল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্য্যন্ত (এলিমেন্টারি) ২৯টি শিরোনামে ওয়ার্কবুকের সংখ্যা হচ্ছে ১৩.৭৫ লক্ষ এবং এজন্য বরাদ্দ ৩.৫৮ কোটি টাকা৷ অন্যদিকে দশম থেকে দ্বাদশ শ্রেণীর পর্য্যন্ত (সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি) ৫৬টি শিরোনামে ওয়ার্কবুকের সংখ্যা ৮.৭১ লক্ষ এবং এজন্য বরাদ্দ হচ্ছে ২.৬৩ কোটি টাকা৷ মোট ৮৫টি শিরোনামেব২২.৪৫টি ওয়ার্কবুকের জন্য বরাদ্দ করা হয়েছে ৬.২১ কোটি টাকা৷ এইবারই প্রথম ছাত্রছাত্রীদের বিনামূল্যে এই ওয়ার্কবুক দেয়া হচ্ছে৷ কোন সুকলের প্রধানশিক্ষক কিংবা কোন শিক্ষক ছাত্রছাত্রীদের বলেনি যে টাকা দিয়ে ক্রয় করতে হবে৷ সেপ্ঢেম্বরের মধ্যে ওয়ার্কবুকগুলি বিতরণ করার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে শিক্ষা দপ্তর৷

