আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পূর্ব ছামনু ভিলেজের দেবেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দারা। তাঁদের দাবি, পূর্ব চাওমানু ও পশ্চিম চাওমানুর মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পূর্বে অনুমোদিত স্থানেই ফুটব্রিজ নির্মাণ করতে হবে।
বিক্ষোভকারীদের দাবি, পূর্ব ছামনু ও পশ্চিম ছামনুর মধ্যে যাতায়াতের সুবিধার জন্য একটি ফুটব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, স্থানীয় বিধায়কের হস্তক্ষেপের পর অনুমোদিত সেই ফুটব্রিজটি অন্যত্র সরিয়ে অর্জুনমণি কারবারি পাড়া ও গেতুয়া কারবারি পাড়ার মধ্যে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন দেবেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, পূর্ব ও পশ্চিম ছামনুর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ওই ফুটব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নতুন কোনও স্থানে নয়, পূর্বে যে জায়গায় ফুটব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল, সেখানেই পুনরায় সেতু নির্মাণ করতে হবে। বিক্ষোভকারীরা তাঁদের দাবি দ্রুত পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
























