আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, সোমবার সকালে আমতলী থানার অন্তর্গত সেকেরকোট মালাবতী চা বাগানের রেলব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান আশপাশের বাসিন্দারা।
পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত যুবককে কেউই শনাক্ত করতে পারেননি। এমনকি তাঁদের বক্তব্য, ওই যুবক এলাকার বাসিন্দা নন।
মৃতদেহটি যেভাবে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের একাংশের আশঙ্কা, অন্য কোথাও যুবকটিকে খুন করে পরে দেহটি মালাবতী চা বাগানের জঙ্গলে এনে গাছে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও পুলিশ এই বিষয়ে এখনো কিছুই জানায়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষ বলে অভিমত পুলিশের।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় জানার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের পরই তা পরিষ্কার হবে।























