News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব
Image

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বাড়িতে ডেকোরেশনের কাজ করতে আসা শ্রমিকদের মারধর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নবারুণ দেব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

নবারুণ দেবের অভিযোগ, আগামী শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর নিজ বাসভবনে একটি রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। শিবিরের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে তাঁর বাড়িতে ডেকোরেশনের কাজ চলছিল। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা ডেকোরেশনের কাজে বাধা দিতে শুরু করেন। তাঁর দাবি, সুকান্ত পাল নামে এক ব্যক্তি প্রায় ২৫ থেকে ৩০ জনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে শ্রমিকদের হুমকি দেন। এর জেরে শ্রমিকরা কাজ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

পরবর্তীতে শুক্রবার সকালে ডেকোরেটরের একটি দল ফের কাজ শুরু করতে তাঁর বাড়িতে আসে। অভিযোগ, দুপুরের দিকে স্থানীয় মণ্ডল সভাপতি ও সুকান্ত পালের নেতৃত্বে একদল লোক বাড়িতে এসে হামলা চালায়। ডেকোরেশনের কাজে যুক্ত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন নবারুণ দেব।

নবারুণ দেবের আরও অভিযোগ, হামলাকারীরা তাঁর পরিবারের মহিলা ও শিশু-সহ অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। রক্তদান শিবির আয়োজন করা হলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর রক্তদান শিবিরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, বিষয়টি জানিয়ে থানার ওসি, পুলিশ সুপার এবং আইজি-র কাছে নিরাপত্তার জন্য চিঠি দেওয়া হলেও কেউ সেই চিঠি গ্রহণ করেননি।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নবারুণ দেব বলেন, রক্তদান একটি মানবিক ও সমাজসেবামূলক কর্মসূচি। এমন একটি কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধিতার কারণে রক্তদান শিবির বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
আগামী ১৬ আগস্ট রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন নবারুণ দেব। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলেও জানান তিনি। পাশাপাশি ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক।

Releated Posts

ফসল বিমায় স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্তির দাবি কৃষিমন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে কেন্দ্রের কাছে একাধিক দাবি জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী…

ByByNews Desk Sep 29, 2026

বিশালগড় হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, জড়িতদের রেহাই নয়: বিধায়ক সুশান্ত দেব

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিধায়ক…

ByByNews Desk Sep 29, 2026

শারদোৎসব উপলক্ষে যোগমায়া কালীবাড়ির উদ্যোগে হেপাটাইটিস ও নেশাবিরোধী সচেতনতা শিবির

বিলোনীয়া, ২৯ সেপ্টেম্বর: শারদোৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: মাতাবাড়ি ব্লকের গামারিয়া গ্রামের অন্তর্গত ওয়ারাংবাড়ি এসবি স্কুলের ভোটকেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top