আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট গেস্ট হাউস সোনারতরিতে উচ্চ শিক্ষা সংলাপ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, এই উদ্যোগ ত্রিপুরার উচ্চশিক্ষার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি সরকারি সভা নয়, বরং শিক্ষার্থী ও সরকারের মধ্যে মুক্ত ও গঠনমূলক আলোচনার একটি মঞ্চ।
মন্ত্রী বলেন, এতদিন সরকার বলত, শিক্ষার্থীরা শুনত। এবার সেই ধারণা বদলেছে। এবার শিক্ষার্থীরা বলবে, সরকার মনোযোগ দিয়ে শুনবে। এই সংলাপ থেকে উঠে আসা মতামত ও পরামর্শ উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে হবে। তাঁর মতে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র ডিগ্রি প্রদানের কেন্দ্র নয়, বরং রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি হওয়া উচিত।
মন্ত্রী জানান, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। আগামী ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
সংলাপে ছাত্র প্রতিনিধিদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—কলেজগুলির প্রধান সমস্যাগুলি চিহ্নিত করা, উচ্চশিক্ষার মানোন্নয়নে করণীয়, কর্মসংস্থানমুখী শিক্ষা প্রসারের উপায়, কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরে ত্রিপুরার উচ্চশিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা। এছাড়াও কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক চরিত্র গঠনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।
অনুষ্ঠান শেষে উচ্চশিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে নিয়ে এ ধরনের সংলাপের আয়োজন করা হবে। রাজ্যকে একটি এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।



















