কমলপুর, ৩০ জুলাই: কমলপুর মহকুমার সালেমা ডাববাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী নমিতা দাস গত ৪ জুলাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। টানা ২৬ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। শেষ পর্যন্ত স্ত্রীর খোঁজে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন স্বামী নৃপেন্দ্র দাস।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই সকাল প্রায় ৯টা নাগাদ বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান নমিতা দাস। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৩ জুলাই কচুছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন স্বামী নৃপেন্দ্র দাস। অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে স্ত্রীর কোনো সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নৃপেন্দ্র দাস। তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যদি নমিতা দাসের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাঁকে কোথাও দেখতে পান, তবে অনুগ্রহ করে পরিবারের সদস্যদের অথবা নিকটবর্তী থানায় দ্রুত যোগাযোগ করুন।
পরিবারের একটাই প্রার্থনা—নমিতা দাস যেন দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন।



















