আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের। অন্তোদয় রেশন কার্ডধারী হওয়া সত্ত্বেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার (পিএমএওয়াই) সুবিধা পাননি বলে অভিযোগ তুলেছেন তিনি।
মালতী দেববর্মার দাবি, দীর্ঘদিন ধরেই তিনি সরকারি আবাসনের জন্য আবেদন করে আসছেন। একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি তাঁর বাড়ির জিও-ট্যাগিংও করা হয়েছে। কিন্তু এতকিছুর পরও এখনও পর্যন্ত আবাস যোজনার আওতায় একটি ঘর পাননি। ফলে বাধ্য হয়েই ভগ্নপ্রায় মাটির কুঁড়েঘরে পরিবার নিয়ে বসবাস করতে হচ্ছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালতী দেববর্মা জানান, বর্ষাকালে ঘরের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। পরিবারের নিরাপত্তা ও মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের স্বার্থে তিনি দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
এদিকে, বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের একাংশের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের দ্রুত চিহ্নিত করে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হোক। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য এখনও পাওয়া যায়নি।



















