সোনামুড়া, ১৯ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানাধীন ইউএনসি নগর (ওয়ার্ড নং-৩) এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ কফসিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক মাদক কারবারি ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআরের ১১ নম্বর ব্যাটালিয়নের যৌথ বাহিনী ইউএনসি নগরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে মোট ১৪৬ বোতল এসকফ কফ সিরাপ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।
উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৪৬ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর বাড়ির মালিক এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট, ১৯৮৫-এর সংশ্লিষ্ট ধারায় সোনামুড়া থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতদের সোনামুড়া আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশি রিমান্ডের আবেদনও জানানো হয়েছে।
পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও একইভাবে জোরদার করা হবে।



















