আগরতলা, ২৫ জুন: হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ২২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন মোবাইলগুলির মালিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনগুলির সন্ধানে বিশেষ অভিযান চালানো হয়। প্রযুক্তিগত তদন্ত এবং বিভিন্ন সূত্রের সহায়তায় বিহারসহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ২২টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত দেব জানান, মোবাইল হারানো বা চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তিগত উপায়ে তদন্ত চালিয়ে ফোনগুলির অবস্থান শনাক্ত করে। ধারাবাহিক প্রচেষ্টার ফলেই ২২টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে, দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। তারা পুলিশের তৎপরতা ও সফল তদন্তের জন্য এয়ারপোর্ট থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।























