আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা সকল ভোটারদের উদ্দেশ্যে রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানিয়েছেন।
সামাজিক বার্তায় তিনি বলেন, ধর্মনগর উপনির্বাচনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে যুবসমাজ এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই গণতান্ত্রিক উৎসবকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, একটি মূল্যবান ভোটই এলাকার উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাই কোনও ভয় বা দ্বিধা না রেখে সকলকে নির্ভয়ে এবং নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানান তিনি।
তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।



















