News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা হাইকোর্টের রায় : দ্বিতীয় বিয়ের অভিযোগে বরখাস্ত টিএসআর জওয়ান পাবেন অবসরকালীন সুবিধা
Image

ত্রিপুরা হাইকোর্টের রায় : দ্বিতীয় বিয়ের অভিযোগে বরখাস্ত টিএসআর জওয়ান পাবেন অবসরকালীন সুবিধা

আগরতলা, ২৭ মার্চ : দ্বিতীয় বিয়ের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়া ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর এক জওয়ানকে আংশিক স্বস্তি দিল ত্রিপুরা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট জওয়ানকে বরখাস্ত না দেখিয়ে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করতে হবে এবং তাঁকে সমস্ত অবসরকালীন ও পেনশন সুবিধা প্রদান করতে হবে।

বিচারপতি টি আমরনাথ গৌড় ও বিচারপতি এস দত্ত পুরকায়স্থর ডিভিশন বেঞ্চ রাজ্যের দায়ের করা রিট আপিলের শুনানি চলাকালীন এই নির্দেশ দেয়। এর আগে ২০২৫ সালের ১৬ মে সিঙ্গল বেঞ্চ রিট মামলা নং ৬৪/২০২৪ মামলায় শৃঙ্খলামূলক, আপিল ও রিভিশন সংক্রান্ত আদেশ বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে কর্মরত ১৩ নম্বর ব্যাটালিয়নের এক রাইফেলম্যানের বিরুদ্ধে ২০১৯ সালের মে মাসে অভিযোগ ওঠে, তিনি প্রথম স্ত্রীর অনুমতি ও সরকারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এর ভিত্তিতে ত্রিপুরা স্টেট রাইফেলস অ্যাক্ট, ১৯৮৩ এবং সিসিএ রুলস, ১৯৬৫ অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

প্রথমে ২৩ আগস্ট ২০২১ তাঁকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়, যা পরে ২ অক্টোবর ২০২১ শৃঙ্খলামূলক কর্তৃপক্ষ বাধ্যতামূলক অবসরে রূপান্তর করে। পরবর্তীতে তাঁর আপিল ও রিভিশন খারিজ হয়ে যায়।

এরপর তিনি হাইকোর্টে দ্বারস্থ হলে সিঙ্গল বেঞ্চ পূর্ববর্তী সব আদেশ বাতিল করে পুনর্বিবেচনার নির্দেশ দেয়। তবে রাজ্য সরকার আপিলে দাবি করে, সংশ্লিষ্ট জওয়ান ত্রিপুরা সিভিল সার্ভিস (কন্ডাক্ট) রুলস, ১৯৮৮-এর ২১ নম্বর বিধি লঙ্ঘন করেছেন এবং তাঁকে যথাযথ সুযোগ দিয়েই বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, ২০ বছরেরও বেশি চাকরি ও পারিবারিক পরিস্থিতির প্রেক্ষিতে শাস্তি অত্যন্ত কঠোর। ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, অভিযুক্ত জওয়ান তদন্তে অংশগ্রহণের পূর্ণ সুযোগ পেয়েছিলেন এবং নিজের পক্ষে সাফাই দেওয়ার সুযোগও ছিল। আদালত স্বীকার করে, তিনি নিয়ম ভঙ্গ করেছেন। তবে ব্যক্তিগত আইনের প্রেক্ষিতে এটি ফৌজদারি অপরাধ নয় বলেও উল্লেখ করা হয়।

আদালত আরও জানায়, এই ধরনের অসদাচরণ চাকরি থেকে অপসারণের জন্য যথেষ্ট হলেও, সমস্ত অবসর সুবিধা কেড়ে নেওয়ার মতো গুরুতর নয়। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করে ডিভিশন বেঞ্চ রায় দেয়, সংশ্লিষ্ট জওয়ানকে তাঁর বরখাস্তের তারিখ থেকেই বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করতে হবে।

এছাড়া আদালত নির্দেশ দেয়, ছয় মাসের মধ্যে সমস্ত অবসরকালীন ও পেনশন সুবিধা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১২ শতাংশ বার্ষিক হারে সুদ দিতে হবে। এই নির্দেশের মধ্য দিয়ে মামলার নিষ্পত্তি হয়েছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top