জুবিন নৌটিয়ালের ব্যক্তিত্ব অধিকার রক্ষায় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (আইএএনএস) : জনপ্রিয় গায়ক জুবিন নৌটিয়ালের ব্যক্তিত্ব ও প্রচার অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে দিল্লি হাই কোর্ট। আদালত একতরফা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এএই) প্ল্যাটফর্ম, অনলাইন ইন্টারমিডিয়ারি, ই-কমার্স ওয়েবসাইট এবং অজ্ঞাত পরিচয় সংস্থাকে তাঁর নাম, কণ্ঠস্বর, ছবি ও অন্যান্য ব্যক্তিগত বৈশিষ্ট্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

বিচারপতি তুষার রাও গেদেলার একক বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেন। জুবিন নৌটিয়াল বাণিজ্যিক মামলায় অভিযোগ করেন, অনুমতি ছাড়া AI-নির্ভর কনটেন্ট, ভয়েস ক্লোনিং, ডিপফেক, চ্যাটবট এবং নকল পণ্য বিক্রির মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব ও প্রচার অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

আদালত পর্যবেক্ষণ করে জানায়, প্রাথমিকভাবে বাদীর শক্তিশালী মামলা রয়েছে এবং তাঁর সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বের কথা বিবেচনায় ভারসাম্য তাঁর পক্ষেই রয়েছে। অবিলম্বে নিষেধাজ্ঞা না দিলে তাঁর সুনাম ও পরিচয়ে অপূরণীয় ক্ষতি হতে পারে, যা আর্থিক ক্ষতিপূরণে পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিচারপতি।

মামলায় দাবি করা হয়, গায়কের ব্যক্তিত্ব অধিকারের মধ্যে তাঁর নাম, কণ্ঠস্বর, গায়কির ধরন, ভোকাল স্টাইল, অভিব্যক্তি, ছবি, স্বাক্ষর ও সদৃশতা অন্তর্ভুক্ত। অভিযোগ, কিছু এআই প্ল্যাটফর্ম মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠ ও মুখভঙ্গি নকল করে অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করছে।

এছাড়া অনলাইন মার্কেটপ্লেস যেমন ফ্লিপকার্ট এবং অ্যামাজন-এ তাঁর নাম ও ছবি ব্যবহার করে পোস্টার, ডিজিটাল আর্টওয়ার্কসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগও ওঠে, যা ভুয়ো সমর্থন বা সংযুক্তির ইঙ্গিত দেয়।

আদালত সংশ্লিষ্ট বিবাদী ও ‘জন ডো’ সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে, বিজ্ঞাপন, পণ্য, ডোমেইন নেম, এআই ভয়েস মডেল, সিন্থেসাইজড ভয়েস, ডিজিটাল অ্যাভাটার, ডিপফেক, ফেস মর্ফিং বা অনুরূপ প্রযুক্তির মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে জুবিন নৌটিয়ালের ব্যক্তিত্ব অধিকার ব্যবহার বা শোষণ করা যাবে না। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে চিহ্নিত লঙ্ঘনকারী URL, পোস্ট, ভিডিও ও অ্যাপ ব্লক বা সরিয়ে ফেলতে এবং সংশ্লিষ্ট সত্ত্বার বিবরণ প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় কার্যকর করতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং টেলিযোগাযোগ দফতরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত বিবাদীদের সমন জারি করে ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে। আগামী ২৮ এপ্রিল যৌথ রেজিস্ট্রারের সামনে শুনানি হবে এবং ২০২৬ সালের ২৫ আগস্ট মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিশিষ্ট ব্যক্তি তাঁদের ব্যক্তিত্ব ও প্রচার অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার, অভিনেতা এন. টি. রামা রাও জুনিয়র, আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবি শঙ্কর, অভিনেতা নাগার্জুন, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং পডকাস্টার রাজ শামানি।

Leave a Reply