মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ৮২ বছরের নেহেরা বেগম, বৃদ্ধ ভাতার দাবিতে আবেদন

জম্পুইজলা, ২৪ ফেব্রুয়ারী: মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতার আবেদন জানালেন জম্পুইজলা ব্লকের চিকনছড়া এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের দুখিরামপাড়া এলাকার ৮২ বছর বয়স্কা স্বামীহারা অসহায় মহিলা নেহেরা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে নেহেরা বেগমের। এরপর থেকেই চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটছে তাঁর। গ্রামে অনেকেই বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা পেলেও, নেহেরা বেগমের ভাগ্যে এখনো জোটেনি কোনও ভাতা। অভিযোগ, তিনি ৬ থেকে ৭ বার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও আজ পর্যন্ত ভাতার ব্যবস্থা হয়নি।

বৃদ্ধার দাবি, ভিলেজ কমিটি কর্তৃপক্ষ বছরের পর বছর তাঁকে আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। জীবনের শেষ প্রান্তে এসে চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন তিনি।

মঙ্গলবার দুপুরে এক স্থানীয় যুবকের সহায়তায় সংবাদ প্রতিনিধিকে নিজের বাড়িতে ডেকে পাঠান নেহেরা বেগম। সংবাদ প্রতিনিধির মাধ্যমে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানান, যাতে দ্রুত তাঁর বৃদ্ধ ভাতার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গ্রামের তিনজন বিকলাঙ্গ ও ছয়জন বৃদ্ধ ব্যক্তির ভাতার ব্যবস্থা পূর্বে সংবাদ প্রকাশের পর হয়েছে বলে দাবি স্থানীয়দের। সেই খবর কানে পৌঁছাতেই নতুন করে আশার আলো দেখছেন নেহেরা বেগম। তাঁর বিশ্বাস, বিষয়টি প্রকাশ্যে এলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হবে।

Leave a Reply