আগরতলা, ২ ডিসেম্বর: নদিয়াপুরে স্কুল পড়ুয়া শিশু ও মায়ের উপর প্রাণঘাতী হামলায় অপর এক অভিযুক্তকে জালে তুললো চুরাইবাড়ি থানার পুলিশ। খেড়েংজুরিতে স্কুল পড়ুয়া শিশুকে নারকীয় হত্যাকাণ্ডে জড়িত আরো এক অভিযুক্তকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করা হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, গত নভেম্বর মাসের ২৪ তারিখ সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিজয়া সিনহা ও তার একমাত্র পুত্র অমৃত সিনহার উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতিকারী।
পরে এলোপাতাড়ি দায়ের কোপে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট বছরের স্কুল পড়ুয়া শিশু অমৃত সিনহা এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার মা বিজয়া সিনহা। সঙ্গে সঙ্গে বিজয় সিনহাকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানা গেছে।
এদিকে এই ঘটনায় ৩৪/২৫ নম্বরে ও ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১)/১১৮(২)/৬১(২) ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে চুরাইবাড়ি থানার পুলিশ এবং আগেই মদন গোপাল সিনহা নামের গোবিন্দপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে আরও অনেক অজানা তথ্য। সেই সূত্র ধরে নদীয়াপুর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা তাপস সিনহাকে (৩৮)(পিতা লক্ষীন্দ্র সিনহা) গ্রেফতার করা হয়। ওসি দেবব্রত বিশ্বাস জানান, তাকে জিজ্ঞাসাবাদে একান্ডে জড়িতদের শীঘ্রই জালে তোলা যাবে।

