আগরতলা, ১ ডিসেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে গোয়ালাবস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে পলাতক এক নেশা কারবারিকে আটক করে পুলিশ। গত ২৭ নভেম্বর একজন নেশাকারবারিকে আটক করা হয়েছিল। তারা পূর্বের এনডিপিএস মামলার সাথে জড়িত।
ওসি প্রণজিত মালাকার বলেন, নেশা কারবারি চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন খবর মিলতেই তৎপরতা বাড়িয়ে গত ২৭ নভেম্বর পলাতক বাপী সরকারকে আটক করেছিল পুলিশ। ওই দিন নেশা কারবারিকে লক্ষ্য করে তল্লাশি শুরু হলেও তাদের মধ্যে দু’জন পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাপী সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও নেশা কারবারির নাম উঠে আসে। গতকাল গোয়ালাবস্তি থেকে রোমিও সরকার নামে আরও এক নেশা কারবারিকে আটক করেছে পুলিশ।
ওসি প্রণজিত মালাকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেশা পাচারের একাধিক মামলা রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

