অস্ত্র উদ্ধারের ঘটনায় পলাতক অভিযুক্ত সাদেক মিয়া গ্রেফতার

আগরতলা, ২৪ নভেম্বর: অবশেষে গ্রেফতার হলেন অস্ত্র কারবারের অভিযোগে পলাতক অভিযুক্ত সাদেক মিয়া (৩৮)। সোনামুড়া থানার পুলিশ রবিবার রাতে তাকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতের বাড়ি মেলাঘর থানার অন্তর্গত শিবনগর তকসাপাড়া এলাকায়। তার পিতা অজিত মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর মধুবন যাওয়ার রাস্তায়
একটি পিস্তল, ধারালো ছুরি এবং একটি মোটরবাইক উদ্ধার করেছিল সোনামুড়া থানার পুলিশ। সেই মামলার সূত্রেই মূল অভিযুক্ত হিসেবে সাদেক মিয়ার নাম সামনে আসে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বাড়িতে বহুবার তল্লাশি চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।

অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সোনামুড়া থানার আধিকারিক জানিয়েছেন, সোমবার ধৃতকে আদালতে প্রেরণ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।