আগরতলা, ১০ নভেম্বরঃ জিরানিয়া রেলস্টেশন থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ কাণ্ডে এবার নতুন মোড়। ইতিমধ্যেই এই ঘটনায় দিল্লি, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ থেকে তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ। তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও এক ব্যক্তির নাম— মান্তনু লোধ সাহা।
সোমবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা একযোগে রাজধানীর ভোলাগিরি, হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা এবং তেলিয়ামুড়া-য় মান্তনু লোধ সাহার তিনটি বাড়িতে তল্লাশি অভিযান চালান। সূত্রের খবর, তল্লাশির সময় পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে।
ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, হেরিটেজ পার্ক সংলগ্ন বাড়িতে জিজ্ঞাসাবাদের সময় মান্তনু সাহার বক্তব্যে বেশ কিছু অসংলগ্নতা ধরা পড়ে। এরপরই তদন্তের স্বার্থে তাকে আটক করে ক্রাইম ব্রাঞ্চের দফতরে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে এন্টি নারকোটিক্স শাখার এএসপি সৌভিক দে জানান, “আগরতলা জিআরপিএফ থানায় একটি মামলা রুজু হয়েছিল। সেই মামলার তদন্তে নেমেই আমরা এই তল্লাশি চালাই। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে, এবং আজ মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, “যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে স্ক্রুটিনি করা হবে। প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।”
ক্রাইম ব্রাঞ্চের একটি সূত্র জানিয়েছে, জিরানিয়া কফ সিরাপ কাণ্ডে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে তদন্তের স্বার্থে আপাতত তাঁদের নাম প্রকাশ করা হচ্ছে না। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের সন্ধানে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চলছে, এবং খুব শীঘ্রই পুরো চক্রটি উন্মোচিত হতে পারে বলে আশাবাদী তারা।

