আগরতলা, ৮ নভেম্বর: বর্ডার গোলচক্কর এলাকায় দুবৃর্ত্তদের তান্ডবে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সমাজবিরোধীরা ব্যবসায়ীদের কাছ থেকে পিস্তল দেখিয়ে তোলাবাজি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে বাজারজুড়ে নেমে এসেছে ভয় ও অশান্তির ছায়া। তাই নিরাপত্তার দাবিতে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অর্ঘজিত দাস ও তার সাঙ্গোপাঙ্গরা বর্ডার গোলচক্কর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর স্থানীয়রা জরুরি কাজেও ঘর থেকে বের হতে পারেন না। এমনকি, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পিস্তল দেখিয়ে তোলাবাজি করে এবং দা হাতে নিয়ে হুমকি দিচ্ছে, বলেও অভিযোগ। ফলে বাজারজুড়ে নেমে এসেছে ভয় ও অশান্তির ছায়া।
তাই এলাকাবাসীরা নিরাপত্তার দাবিতে পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। তাদের আরও অভিযোগ, অর্ঘজিত দাস ও তার সহযোগীরা বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়।
এলাকাবাসীর একাংশ জানান, পুলিশের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখনো পর্যন্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

