আগরতলা, ১৭ অক্টোবর:
ব্রিজ নির্মাণের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো আমবাসা বেতবাগান রায়পাশা এলাকার জনগণ।
আমবাসা ব্লকের বেতবাগান রায়পাশা এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস রয়েছে। এলাকায় একটি স্টিল ব্রিজ ছিল। বহু বছর আগে স্টিলের ব্রিজটি ভেঙে যাওয়ার পর এলাকায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়।
কিন্তু এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ প্রায় নয় মাস ধরে সেই বাঁশের সাঁকোটিও জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ভাঙ্গা সেই সাঁকো দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের। ফলে বিদ্যালয়ে যাতায়াত করতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধায় পড়ছেন তেমনি যে কোন অসুস্থ রোগীকে নিয়ে যেতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। শুধু তাই নয় যেকোনো ব্যক্তির ক্ষেত্রেই সেই ভাঙা বাঁশের সাঁকো দিয়ে পারাপার করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে এলাকায় একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়ে আসলেও দাবি পূরণ হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত এদিন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা। এদিকে রাস্তা অবরোধের ফলে, দুদিক থেকে প্রচুর যানবাহন এদিন আজকে পড়ে।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর, প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয়রা।

