গোয়ালাবস্তিতে পুলিশের হানা, উদ্ধার দেশি মদ সহ গাঁজা, আটক ৯ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের বড়সড় অভিযান চালাল এনসিসি থানার পুলিশ। শনিবার গোয়ালাবস্তি এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৫০ লিটার অবৈধ দেশি মদ ও শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি সন্দেহভাজন তিনটি মোটরবাইক জব্দ করা হয়েছে এবং মোট ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার জানান, গোপন খবর ছিল যে গোয়ালাবস্তি এলাকায় অবৈধ নেশা সাম্রাজ্য গড়ে উঠেছে। সেই খবরের ভিত্তিতেই সিআরপিএফ এবং বিএসএফ জওয়ানদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এদিন এলাকার একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি মদ ও গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি জব্দ হওয়া মোটরবাইকগুলিকে চুরি করা হয়েছে বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় আটক নয়জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে, যাতে অবৈধ নেশা ব্যবসার রমরমা পুরোপুরি রুখে দেওয়া যায়।