জাকির হোসেন, ঢাকা, ১৩ সেপ্টেম্বর: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার ‘সহায়ক বাহিনী’ হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতের প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সতর্কবার্তা— ‘জামায়াতের হাতে রক্ত লেগে আছে। তারা মুসলিম ব্রাদারহুডের অংশ। আর এই চিতাবাঘ তার দাগ বদলাবে না।’
বৃহস্পতিবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যদি কেউ ভারতীয় স্বার্থবিরোধী কাজ করে, তবে তা নিয়ে ভারতকে চিন্তিত হতে হবে।’
বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাইকমিশনার হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করা শ্রিংলা আরও বলেন, ‘ভারত প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে যাদের সঙ্গে সীমান্ত ভাগ করি, তাদের ক্ষেত্রে কেবল অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থী ছাত্রশিবিরের সাম্প্রতিক জয়ের প্রসঙ্গ টেনে শ্রিংলার মন্তব্য, মুক্তিযুদ্ধকালে হিন্দু গণহত্যা-সহ নৃশংসতায় অভিযুক্ত জামায়াত এখনো অশুভ শক্তির প্রতিনিধিত্ব করছে। তিনি সতর্ক করে দেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে ও ভারত সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। ফলে ‘বিদ্বেষী শক্তির যোগসাজশের বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে, যার ফলে জামায়াত আগামী নির্বাচনে উল্লেখযোগ্য ফল করতে পারে।’
৬৩ বছর বয়সী ভারতের প্রাক্তন এই কূটনীতিকের সোজাসাপ্টা মন্তব্য, জামায়াত যদি ক্ষমতায় আসে, তবে ভারতকে উদ্বিগ্ন হতেই হবে।
2025-09-14

