উদ্ধব ঠাকরের হুঁশিয়ারি: “রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না”, এশিয়া কাপ ম্যাচ বয়কটের ডাক শিবসেনা-র

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন শিবসেনা (উদ্ধব বলঠাকরে গোষ্ঠী)-র প্রধান উদ্ধব ঠাকরে। আসন্ন এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন— “যখন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘রক্ত আর জল একসঙ্গে চলতে পারে না’, তখন রক্ত আর ক্রিকেট কীভাবে একসঙ্গে চলতে পারে?”

উদ্ধব ঠাকরে আরও বলেন, “এই ম্যাচ বয়কট করার এটাই সুবর্ণ সুযোগ। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকে দেখাতে হবে যে আমরা সন্ত্রাসবাদ মেনে নিই না। যুদ্ধ ও ক্রিকেট একসঙ্গে হয় না। দেশপ্রেমের ব্যবসা চলছে এখন। দেশপ্রেম শুধু টাকা কামানোর একটা মাধ্যম হয়ে উঠেছে।”

তিনি জানিয়েছেন, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন মহারাষ্ট্রজুড়ে প্রতিবাদে নামবে শিবসেনা। বিশেষ করে, শিবসেনার মহিলা কর্মীরা রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নামবেন। উদ্ধব বলেন, “মহারাষ্ট্রের প্রতিটি ঘর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিঁদুর পাঠাবেন আমাদের মহিলা কর্মীরা।”

সেই সঙ্গে তিনি বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “এই ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এটা দেশপ্রেমের সঙ্গে কৌতুক করার সামিল।”

উদ্ধব ঠাকরে স্মরণ করিয়ে দেন, তাঁর পিতা ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে একসময় পাক ক্রিকেটার জাভেদ মিয়ানদাদের সঙ্গে মুম্বইয়ের মাতোশ্রীতে সাক্ষাতে বলেছিলেন, “যতদিন না পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ করছে, ততদিন ক্রিকেট বন্ধ থাকবে।”